এক পরিবর্তন নিয়ে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ

ফন্ট সাইজ:

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। গতকাল দুপুরে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে তারা। ঘোষিত স্কোয়াড থেকে একটি পরিবর্তন। অলরাউন্ডার কিমো পল ব্যক্তিগত কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলছেন না। তার জায়গায় দলভুক্ত করা হয়েছে শামার স্প্রিঙ্গারকে। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্র শেষ করবে ওয়েস্ট ইন্ডিজ। এ চক্রে ১২ টেস্টের মাত্র দুটিতে জিতেছে তারা। হার আট ম্যাচে। পয়েন্ট তালিকায় নয় দলের মধ্যে আটে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সফরের দলে নেই সাদা বলের অধিনায়ক শাই হোপ। দারুণ ছন্দে থাকা এই ব্যাটারকে দেয়া হয়েছে বিশ্রাম। চোটের ঝুঁকি এড়াতে টেস্ট দল থেকে সরিয়ে নেয়া হয়েছে পেসার আলজারি জোসেফকে। সফরে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ ও দুটো টেস্ট খেলবে ক্যারিবিয়রা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৮শে অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট, যা চলবে ১লা নভেম্বর পর্যন্ত। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ই নভেম্বর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, শেষ হবে ৯ই নভেম্বর। ওয়েস্ট ইন্ডিজ দল: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া দা সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কেমার রোচ, জেইডেন সিলস, শামার স্প্রিঙ্গার ও কেভিন উইকহাম।