নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ আবাসন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ও কাঞ্চন পৌরবাজারের সড়ক দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাজারের সড়ক দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি ভেকু দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় পূর্বাচল গ্রিন সিটির প্রবেশ ফটক।
রোববার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার কাঞ্চন পৌরবাজার ও পূর্বাচল গ্রিন সিটিতে পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঞ্চন পৌরসভার প্রশাসক মারজানুর রহমান। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কাঞ্চন পৌরবাজারের বিভিন্ন সড়ক দখল করে স্থাপনা নির্মাণ করায় ব্যাহত হচ্ছিল সাধারণ মানুষের চলাচল। এ বিষয়ে নোটিশ ও মাইকিং করা হলেও স্থাপনাগুলো সরিয়ে নেয়া হয়নি। পরে অভিযান চালিয়ে সড়ক দখল করে গড়ে তোলা স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।
অন্যদিকে, সরকারি অনুমোদন ছাড়া পূর্বাচলের নাম ব্যবহার করে কিছু আবাসন প্রতিষ্ঠান গড়ে তোলা হয় দাবি করে তিনি বলেন, এসব প্রতিষ্ঠানে প্লট কিনে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন। এ কারণে একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে। অভিযানে কাঞ্চন বাজার কমিটির নেতৃবৃন্দ ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
