নবীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, নারীসহ আহত ৯

ফন্ট সাইজ:

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে গ্রিন লাইন পরিবহনের একটি বাস ও বালুবাহী ট্রাকের সংঘর্ষে নারীসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন নারী ও ছয়জন পুরুষ রয়েছেন। তবে, তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি। রোববার সকালে উপজেলার সৈয়দপুর বাজারের জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ওসি মো. আনিছুর রহমান।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী বালুবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের যাত্রীরা গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শেরপুর হাইওয়ে থানার ওসি মো. আনিছুর রহমান বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং আহত যাত্রীদের মালামাল উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।