চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রান্নার সরঞ্জাম ও গৃহস্থালির সামগ্রীর ভেতরে লুকিয়ে আনা ৫৬৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় মোহাম্মদ কামরুল ইসলাম নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা।
গতকাল ভোর সাড়ে ৬টার দিকে আবুধাবি থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৫০ ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান ওই যাত্রী। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা। বিমানবন্দর সূত্রে জানা যায়, কাস্টমস হলে ব্যাগেজ স্ক্যানিংয়ের সময় ওই যাত্রীর লাগেজ সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। এ সময় ডিজিএফআই, এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত তল্লাশিতে নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডার ও বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকানো চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বারগুলোর মোট ওজন ৪৬৬ গ্রাম। এ ছাড়া যাত্রীর কাছ থেকে ১০০ গ্রাম ওজনের একটি স্বর্ণের চুড়িও জব্দ করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা স্বর্ণের পরিমাণ ৫৬৬ গ্রাম। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে স্বর্ণ উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। বিমানবন্দর সূত্র আরও জানায়, এ ঘটনায় চোরাচালান আইনে মামলা দায়ের এবং আটক যাত্রীকে পতেঙ্গা থানা-পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
