প্রায় এক যুগ হলো নতুন কোনো সিনেমাতে অভিনয় করছেন না আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতা। অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমার নায়িকা ববিতাকে নিয়ে সর্বশেষ নারগিস আক্তার ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমাটি নির্মাণ করেছিলেন। প্রায় এক যুগ আগে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার পর আর নতুন কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি তিনি। অবশ্য এরপর অনেক চলচ্চিত্র নির্মাতাই তার কাছে গেছেন, সিনেমার গল্প শুনিয়েছেন। কিন্তু ববিতার গল্প ভালো লাগেনি। একেবারেই মৌলিক একটি গল্পের সিনেমাতে অভিনয় করতে চান ববিতা। কানাডা থেকে ববিতা বলেন, সত্যি বলতে কি বিগত প্রায় এক যুগে অনেক নির্মাতাই গল্প শুনিয়েছেন। কিন্তু কারও গল্পই আমার মন ছুঁয়ে যায়নি, যাতে আমি অভিনয় করার আগ্রহ পাবো।
কিন্তু এটাও সত্যি, আমার এখনো চলচ্চিত্রে অভিনয়ের আগ্রহ আছে। আমি তো মনে-প্রাণে একজন চলচ্চিত্রাভিনেত্রী। জীবনের শেষ দিন পর্যন্ত আমি অভিনয়ই করে যেতে চাই। এখনো আমি প্রতীক্ষায় আছি, হয়তো একটি খুব ভালো মৌলিক গল্প আমার কাছে আসবে। পাশের দেশে যদি তাকাই, এখনো তাদের দেশের জীবন্ত কিংবদন্তি অভিনয়শিল্পীদের কেন্দ্র করেই গল্প এগিয়ে যায়, সিনেমা নির্মিত হয়। সেই শিল্পীরা সিনেমার প্রাণ হয়ে ওঠেন। আর যারা তরুণ শিল্পী থাকেন, তারা সেই শিল্পীর পাশে অভিনয় করে সিনেমাটিকে আরও অলঙ্কৃত করে তোলেন।
কিন্তু আমাদের দেশে এখনো এ ধরনের সিনেমা নির্মাণে সাহস পান না নির্মাতারা। একজন শ্রদ্ধেয় আলমগীর ভাই, সোহেল রানা ভাই’সহ আরও অনেকেই বেঁচে আছেন। তাদের নিয়ে এখনো ভালো ভালো গল্পের সিনেমা হতে পারে। অথচ তাদের অনেকেই আমার মতো বহু বছর ধরে সিনেমার সঙ্গে সম্পৃক্ত নেই। আমরা আমাদের অভিজ্ঞ শিল্পীদের কাজে লাগাতে পারছি না। তাই আমার এই সময়ে এসে একটু আফসোসই হয় যে, আমি জীবনের শেষ প্রান্তে এসে একটি ভালো মৌলিক গল্প পেলাম না; যাতে আমি মন-প্রাণ দিয়ে নিজেকে পূর্ণ নিবেদিত করে অভিনয় করতে পারি। হয়তো সেই সময় আসবে, জানি না তা কবে।
