হেনস্তার শিকার ইমন

হেনস্তার শিকার ইমন

ফন্ট সাইজ:

মার্কিন মুলুকে অনুষ্ঠান করতে গিয়ে চরম দুর্ভোগের মুখে পড়লেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী ও তার সহশিল্পীরা। দুর্গাপুজোর অনুষ্ঠানে যোগ দিতে নিউ জার্সি যাওয়ার পথে ডালাস বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের কর্মীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন গায়িকা। তার দাবি- বোর্ডিং পাস থাকা সত্ত্বেও তাদের বিমানে উঠতে দেয়া হয়নি। প্রতিবাদ জানাতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ইমন চক্রবর্তীর অভিযোগ, নির্ধারিত সময়েই তারা ডালাস বিমানবন্দরে পৌঁছেছিলেন। কিন্তু বিমানে ওঠার সময় তাদের আটকে দেয়া হয়। কেন এই বাধা, তার স্পষ্ট ব্যাখ্যাও দেয়া হয়নি বলে দাবি শিল্পীর। প্রতিবাদ করতেই হেনস্তার ঘটনা ঘটে। ইমন ও তার দলের সদস্যদের বোর্ডিং গেট থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়া হয়।

এমনকি তাদের সঙ্গে থাকা বাদ্যযন্ত্র নিয়েও অসম্মানজনক আচরণ করা হয়েছে বলে জানিয়েছেন গায়িকা। ঘটনার বিবরণ দিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন ইমন। তিনি জানান, এই পরিস্থিতিতে তারা অসহায় বোধ করেছিলেন। শেষ পর্যন্ত নির্ধারিত বিমানটি ধরতে পারেননি শিল্পীরা। পরে বিকল্প বিমানে যাওয়ার ব্যবস্থা করা হলে তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে বিমান সংস্থার তরফে এই অভিযোগের কোনো জবাব পাওয়া গেছে কি না- তা স্পষ্ট নয়। সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত দলের সদস্যদের নিয়ে ফিলাডেলফিয়া পৌঁছেছেন ইমন। সেখান থেকে অনুরাগীদের আশ্বস্ত করে তিনি জানান, তারা নিরাপদে পৌঁছেছেন।