বেসরকারি আইপি টিভি রূপসী বাংলার নেত্রকোণা জেলা প্রতিনিধি ও দুর্গাপুরের সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণার পূর্বধলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার পূর্বধলা প্রেস ক্লাব চত্বরে এই কর্মসূচির আয়োজন করে পূর্বধলা প্রেস ক্লাব। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে আলিফ হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন পূর্বধলা প্রেস ক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলাম, সাধারণ সম্পাদক কে বিএম নোমান শাহরিয়ার।
এ ছাড়া আরও বক্তব্য রাখেন পূর্বধলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. শফিকুল আলম শাহীন, প্রেস ক্লাবের সাবেক অর্থসম্পাদক ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মো. শাখাওয়াত হোসেন শিমুল, দৈনিক মানবজমিন-এর পূর্বধলা প্রতিনিধি মোহাম্মদ জুবায়েদ হোসেন বাচ্চুসহ পূর্বধলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আলিফের হত্যাকাণ্ড সাংবাদিক সমাজের জন্য হুমকি। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।
