জয়ের নায়ক মেসিকে নিয়ে মুগ্ধ মায়ামি কোচ

জয়ের নায়ক মেসিকে নিয়ে মুগ্ধ মায়ামি কোচ

ফন্ট সাইজ:

বিশ্বকাপ সেমিফাইনালের পর আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আবার ফিরলেন লিওনেল মেসি। ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে শেষ দিকে তার জোড়া অ্যাসিস্টে জিতেছিল আর্জেন্টিনা। একই মাঠে এবার জোড়া গোল করলেন তিনি। গতকাল মেজর লীগ সকারে মেসির জোড়া গোলে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ ব্যবধানে হারায় ইন্টার মায়ামি। ৩৯ বছর বয়সী মেসির এমন কীর্তিতে মুগ্ধ মায়ামি কোচ ক্রিস্তিয়ান গঞ্জালেস, ‘মেসি প্রতিনিয়তই বিশ্বকে বিস্মিত করে চলেছে। ৩৯ বছর বয়সের কোন খেলোয়াড় এভাবে খেলতে পারে সেটা আমিও বিশ্বাস করতে পারি না। সবচেয়ে বেশি আনন্দের তাকে সুখী দেখতে পাওয়া। আর সুখী বলেই নিজের সবটুকু উজাড় করে দিয়ে খেলছে মেসি, উপভোগও করছে।’

প্রথমার্ধের শেষ মিনিটে এগিয়ে যায় মায়ামি। ৪৫ মিনিটে মেসির অ্যাসিস্ট থেকে গোল করেন মেক্সিকোর স্ট্রাইকার জার্মান বেরতেরাম। এই অ্যাসিস্টে একটি অনন্য কীর্তি গড়েন মেসি। এমএলএসের ইতিহাসে তিনিই প্রথম খেলোয়াড়, যিনি টানা তিন মৌসুমে অন্তত ১৫টি করে অ্যাসিস্ট করলেন। বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে নেন মেসি। ৫৬ মিনিটে বেরতেরামের সঙ্গে বল দেয়া-নেয়া করে আটলান্টার এক ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে বল জালে পাঠান তিনি। ৬০ মিনিটে লুইস সুয়ারেসের পাসে করেন নিজের দ্বিতীয় গোল। মাত্র চার মিনিটের ব্যবধানে ব্যবধান দাঁড়ায় ৩-০। শেষ দিকে পেনাল্টি থেকে এক গোল শোধ করেন ফাফা পিকো। তবে মায়ামির জয় আটকানো যায়নি। এই দুই গোলে চলতি মৌসুমে এমএলএসে মেসির গোল দাঁড়ারো ২৫টিতে, যা লীগে সর্বোচ্চ।

অ্যাসিস্টেও ১৫টি নিয়ে সন হিউং-মিনের সঙ্গে যৌথভাবে শীর্ষে আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। এই জয়ে গোল্ডেন বুটের দৌড়ে আরও দূরে এগিয়ে গেলেন মেসি। নতুন কোচ ক্রিস্তিয়ান গঞ্জালেসের অধীনে এটি মায়ামির টানা তৃতীয় জয়। এ মাসের শুরুতে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানান মেসি। এরপর তিন ম্যাচে করেছেন চার গোল। তার দলও আছে ছন্দে। এরই মধ্যে এমএলএস প্লে-অফ নিশ্চিত করা মায়ামি ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট তালিকায় আছে দুইয়ে। শীর্ষে থাকা ন্যাশভিলের পয়েন্ট ৬৬, মেসিদের ৫৫। মায়ামির পরের ম্যাচ আগামী শনিবার, প্রতিপক্ষ নিউ ইয়র্ক রেড বুলস।