সৈয়দপুর রেলওয়ে কারখানায় ভারত থেকে আমদানি করা ১৮টি রেল কোচ এসে পৌঁছেছে। গত শনিবার ভোরে এসব কোচ রেলওয়ে কারখানা সৈয়দপুর পৌঁছেছে। এর আগে শুক্রবার রেল কোচগুলো ভারত থেকে বাংলাদেশে আসে। দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় কোচগুলো খোলার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, কমিশনিং ও ট্রায়াল রান সম্পন্ন করা হবে। এজন্য লোকোমোটিভ, প্রয়োজনীয় স্ক্রুু, টুলভ্যান ও অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা নেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কারখানা কর্তৃপক্ষ। রেলওয়ে সূত্রে জানা যায়, বাংলাদেশ রেলওয়ের বহরে নতুন কোচ যুক্ত করার অংশ হিসেবে ভারতের রাইটস লিমিটেডের মাধ্যমে এসব কোচ সংগ্রহ করা হচ্ছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত ২০০টি ব্রডগেজ রেল কোচ সরবরাহ চুক্তির আওতায় প্রথম চালানে এসেছে চার ধরনের ১৮টি কোচ। এর মধ্যে রয়েছে- ১১টি নন এসি শোভন চেয়ার কোচ, তিনটি এসি চেয়ার কোচ, দু’টি এসি স্লিপার কোচ ও দু’টি এসি পাওয়ার কার।
পাওয়ার কারগুলোতে গার্ডদের জন্য পৃথক কামরা এবং যাত্রীদের মালামাল বহনের ব্যবস্থা রয়েছে। কোচগুলো ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরিতে তৈরি করা হয়েছে। রেলওয়ে কারখানা সূত্র জানায়, আমদানি করা কোচগুলো সৈয়দপুরে পুনঃপ্রক্রিয়াকরণ (ডি প্রসেসিং) সচল করা, কমিশনিং শেষে লোড ট্রায়াল করা হবে। সকল প্রক্রিয়া শেষে ওই কোচগুলো হস্তান্তর করা হবে রেলওয়ের ট্রাফিক বিভাগে। এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ বলেন, রেলওয়ে কারখানায় আনা এসব কোচ খুব শিগগিরই পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে, আমাদের দেশের উপযোগী কি না। এ কাজে রেল কারখানার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের পাশাপাশি ভারতের বিশেষজ্ঞরা কাজ করবেন। আমাদের কারিগরি সাপোর্ট দেবেন ভারতীয় প্রকৌশলীরা। কোচগুলো সৈয়দপুর রেল কারখানায় যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রায়াল দেয়ার পর ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে।
