চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়িতে হামলা, বহিষ্কৃত নেতাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়িতে হামলা, বহিষ্কৃত নেতাসহ গ্রেপ্তার ২

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরের কাপাসগোলায় স্বেচ্ছাসেবক দলের নেতা রাহাতউল্লাহ রবিনের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় সংগঠন থেকে বহিষ্কৃত এক নেতাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে পাঁচলাইশ থানার মকবুল সওদাগর লেনে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলো, চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সদস্য সচিব শহীদুল ইসলাম ও মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসনাত জুয়েল। জানা যায়, কোতোয়ালি থানার সাবেক ওসি নেজাম উদ্দিনকে লাঞ্ছিত ও হেনস্তার অভিযোগে ২০২৫ সালের ৭ই জানুয়ারি শহীদুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। এর আগে ওসিকে মারধরের ঘটনা ফেসবুকে সরাসরি সম্প্রচার করেছিলো সে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।

পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক জানান, আটটি মোটরসাইকেলে করে লোকজন নিয়ে শহীদুল ইসলাম রবিনের বাড়িতে যায়। সেখানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’জনকে আটক করে। ওসি বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। রবিন ও শহীদুল ইসলামের মধ্যে রাজনৈতিক বিরোধ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রবিনের মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওই মামলায় দু’জনকে গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।