খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি জব্দ

খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১০০ রাউন্ড গুলি জব্দ

ফন্ট সাইজ:

খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি ৭.৬২ মিমি এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাত ৯টার দিকে কচুছড়িমুখ পাড়া এলাকায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, শুক্রবার রাতে পানছড়ি ব্যাটালিয়নের একটি নিয়মিত দল সীমান্ত এলাকায় টহল পরিচালনা করে। রাত ৮টা ১৫ মিনিটে কচুছড়িমুখ পাড়া এলাকায় টহলদলটি সীমান্তবর্তী পাহাড় থেকে কাঁধে ব্যাগ নিয়ে ১০-১২ জনের একটি সন্দেহভাজন দলকে সীমান্ত সড়কে নেমে আসতে দেখে।

বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। টহলদল ধাওয়া করলে তারা পার্শ্ববর্তী পাহাড়ের ঘন জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ মিমি এসএমজি, ১০০ রাউন্ড গুলি ও দু’টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ প্রসঙ্গে পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পানছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ পাচারসহ সীমান্তবর্তী এলাকার অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।