যে কারণে লা লিগা প্রধানের পদত্যাগ চায় রিয়াল মাদ্রিদ

যে কারণে লা লিগা প্রধানের পদত্যাগ চায় রিয়াল মাদ্রিদ

ফন্ট সাইজ:

রিয়াল মাদ্রিদকে নাৎসি জার্মানির প্রচারণা মন্ত্রী জোসেফ গ্যোয়েবেলেসের সঙ্গে তুলনা করায় লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের অবিলম্বে পদত্যাগ দাবি করেছে ক্লাবটি। স্প্যানিশ ফুটবলের এই শীর্ষ কর্তার বক্তব্যকে ‘গভীরভাবে আপত্তিকর’ ও ‘নৈতিকভাবে ঘৃণ্য’ হিসেবে আখ্যা দিয়েছে তারা।

একই সঙ্গে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সহ-সভাপতির পদ থেকেও তেবাসকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে রিয়াল। এক বিবৃতিতে মাদ্রিদের ক্লাবটি বলে, ‘স্প্যানিশ ফুটবলের দুটি দায়িত্বশীল পদে থেকে রিয়াল মাদ্রিদ, এর পরিচালনা পর্ষদ ও রিয়াল মাদ্রিদ টিভিকে হেয় করতে নাৎসি ব্যবস্থার সঙ্গে তুলনা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

ঘটনার সূত্রপাত শুক্রবার সোশ্যাল মিডিয়া ‘এক্স’-এ তেবাসের এক দীর্ঘ পোস্টকে কেন্দ্র করে। সেখানে তিনি লেখেন, ‘রিয়াল মাদ্রিদ টিভির নেতৃত্বে পরিচালনা পর্ষদ একটি প্রচারণা চালাচ্ছ। তাদের কৌশল হচ্ছে পছন্দের দৃশ্য বাছাই করা, ক্ষোভ উসকে দেয়া এবং শত্রুর দিকে আঙুল তোলা। এই পদ্ধতি নাৎসি জার্মানির প্রচারণামন্ত্রী গ্যোয়েবেলেসের পদ্ধতির কথা মনে করিয়ে দেয়।’

পরবর্তীতে তেবাস বিষয়টির ব্যাখ্যা দিয়ে বলেন, তিনি কেবল প্রচারণার ‘কৌশল’-এর তুলনা করেছেন, কোনো ‘আইডিওলজি’ বা মতাদর্শের নয়। তবে রিয়াল মাদ্রিদ এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করে জানিয়েছে, এতে তার মন্তব্যের নীতিহীনতা কমে যায় না।