কিশোরগঞ্জের করিমগঞ্জে সেচকল নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আহত মো. হারেছ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মো. হারেছ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের চারিতলা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চারিতলা গ্রামে সেচকল নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ হয়। তখন একই গ্রামের মামুন মিয়ার লোকজন হারেছকে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হলে তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তার অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে। এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি।
করিমগঞ্জে সংঘর্ষে আহত একজনের মৃত্যু
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
১৭ অক্টোবর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
