প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার ও অবরোধ শিথিলের পর প্রথম দিনেই পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি। শুক্রবার সকালে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাত শতাধিক পর্যটক সাজেকে প্রবেশ করেছেন। এতে দীর্ঘদিন স্থবির হয়ে থাকা পর্যটন খাতে আবারও প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। প্রায় চার দিন বন্ধ থাকার পর উন্মুক্ত হয়েছে সাজেকের সব পর্যটনকেন্দ্র। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২১শে অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা থাকছে না। বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙ্গামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। আগের নির্দেশনা পরিবর্তন করে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।
বিষয়টি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও অন্যান্য সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে। এর আগে ১১ই অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। সাজেকের পর্যটনকেন্দ্র বন্ধের আগে ১১ই অক্টোবর সকাল থেকে সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে সাজেক কারবারি এসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। এতে সাজেক সড়কে যান চলাচল ব্যাহত হয়। পর্যটকবাহী যানবাহনসহ বিভিন্ন গাড়ি আটকে পড়ায় ভোগান্তিতে পড়েন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা।
পরবর্তী সময়ে প্রশাসনের সঙ্গে আলোচনা এবং শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের বিষয়টি বিবেচনায় নিয়ে দুই সংগঠন ১৬ থেকে ২১শে অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয়। সংগঠন দু’টির নেতারা জানান, সাজেক মাচলং বাজারের দুর্গাপূজা উদ্যাপন কমিটির অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং ধর্মীয় উৎসবের প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে সংগঠন দু’টির পক্ষ থেকে বলা হয়েছে, সাজেকের বাসিন্দাদের নিরাপত্তা, জানমালের সুরক্ষা এবং তাদের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নের বিষয়টি গুরুত্বপূর্ণ। দুর্গাপূজার পর দাবিগুলো পূরণ না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে তারা জানিয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ শুক্রবার থেকে ২১শে অক্টোবর পর্যন্ত শিথিল করা হয়েছে। এদিকে রাঙ্গামাটি জেলা প্রশাসন গত বৃহস্পতিবার রাতে সাজেক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, খাগড়াছড়ি থেকে আসা পর্যটকরা নিরাপদে সাজেকে পৌঁছেছেন।
