আনসার সদস্যদের তালিকা চাওয়ায় দুই সাংবাদিককে হুমকি

ফন্ট সাইজ:

হবিগঞ্জের মাধবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া ৭৫২ জন আনসার সদস্যের তালিকা চাইতে গিয়ে দুর্ব্যবহারের শিকার হওয়ার অভিযোগ করেছেন দুই সাংবাদিক। গত ১৫ই অক্টোবর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে অভিযোগ তাদের। এ ঘটনায় উপজেলা আনসার প্রশিক্ষণ কর্মকর্তা নাজিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তারা। ঘটনার একটি ভিডিও তাদের কাছে সংরক্ষিত রয়েছে বলে দাবি করেন সাংবাদিকরা।

অভিযোগকারী সাংবাদিকরা হলেন- দৈনিক একুশের সংবাদের হবিগঞ্জ জেলা প্রতিনিধি চাঁদ সুলতানা শাবানা চৌধুরী এবং দৈনিক লোকবাণী’র মাধবপুর উপজেলা প্রতিনিধি মুহাম্মদ রুবেল মিয়া। সাংবাদিকদের দাবি, আনসার সদস্য নিয়োগপ্রক্রিয়া, কমিশন বাণিজ্যের অভিযোগ, প্রশিক্ষণ এবং নিয়োগসংক্রান্ত প্রচার-প্রচারণার তথ্য জানতে চাইলে তাদের তথ্য অধিকার আইনে আবেদন করতে বলা হয়। একপর্যায়ে তাদের সঙ্গে আপত্তিকর আচরণ ও হুমকি দেয়া হয় বলে অভিযোগ করেন তারা। শাবানা চৌধুরী বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার ক্ষেত্রেও বাধা রয়েছে।

আমরা চাই, দ্রুত ৭৫২ জন আনসার সদস্যের তালিকা প্রকাশ করা হোক। রুবেল বলেন, তালিকা প্রকাশ করতে তাদের ভয় কীসের। আমরা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করছি। তবে অভিযোগ অস্বীকার করে প্রশিক্ষণ কর্মকর্তা নাজিউর রহমান বলেন, তথ্য চাইতে হলে তথ্য অধিকার আইনে আবেদন করতে হবে। সাংবাদিকদের সঙ্গে কোনো দুর্ব্যবহার হয়নি। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মুকুল খান বলেন, কোনো নির্দিষ্ট অভিযোগ থাকলে ব্যবস্থা নেয়া হবে। আমাদের কাছ থেকে তালিকা দেয়ার নিয়ম নেই। ইউএনও বললে দেবো।