তালায় মাছ চুরির সন্দেহে ঘের ব্যবসায়ীকে হত্যা

তালায় মাছ চুরির সন্দেহে ঘের ব্যবসায়ীকে হত্যা

ফন্ট সাইজ:

তালায় মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ মণ্ডল (৫২) নামে এক ঘের ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রাতভর নির্যাতনের পর শুক্রবার দুপুর ১২টার দিকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত ক্ষিতিশ মণ্ডল তালা সদর ইউনিয়নের জেয়ালা গ্রামের মৃত মনিন্দ্র নাথ মণ্ডলের ছেলে। তিনি নিজেও মাছের ঘের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

তার চার বিঘা মাছের ঘের রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। নিহতের চাচাতো ভাই পার্থ মণ্ডলের অভিযোগ, জেয়ালা উত্তর খোলা বিলে বিশ্বনাথ ঘোষের ঘেরে মাছ চুরির সন্দেহে রাত ৩টার দিকে ক্ষিতিশ মণ্ডলকে আটক করা হয়। এরপর বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষ, ইব্রাহিম খাঁ, হাবিবুর গাজী ও গফফার শেখসহ ১০ থেকে ১৫ জন তাকে জেয়ালা শ্মশানঘাট এলাকায় নিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। এ সময় তার হাত-পা ভেঙে দেয়া হয় এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ করেন তিনি। এমনকি তার চোখ তুলে নেয়ারও চেষ্টা করা হয় বলে দাবি করেন নিহতের স্বজনরা।

পার্থ মণ্ডল আরও জানান, রাত ৩টা থেকে ভোর পর্যন্ত ক্ষিতিশের ওপর নির্যাতন চালানো হয়। পরে শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, মাছ চুরির সন্দেহ থেকেই ক্ষিতিশের ওপর এমন বর্বর নির্যাতন চালানো হয়েছে। ক্ষোভ প্রকাশ করে পার্থ মণ্ডল বলেন, ‘আমার চাচাতো ভাই নিজেও একজন ঘের ব্যবসায়ী। তার চার বিঘা মাছের ঘের রয়েছে। মাছ চুরির সন্দেহ হলেই কি একজন মানুষকে এভাবে পিটিয়ে মেরে ফেলতে হবে?’ তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মহসিন আলী জানান, ঘেরে মাছ চুরির সন্দেহে মারধরের ঘটনায় ক্ষিতিশ মণ্ডলের মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।