সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি ৪ বিঘা আয়তনের একটি খেলার মাঠ দখল করে হালচাষের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার সলপ ইউনিয়নের নওকৈড় পশ্চিমপাড়া গ্রামে এই মাঠ দখলের ঘটনা ঘটে। পরে ক্রীড়াপ্রেমী স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা খেলার মাঠ ফিরে পাওয়ার দাবিতে একটি বিক্ষোভ মিছিল করেন। শুক্রবার সকাল ১০টার দিকে স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি মানবজমিনকে জানান, জায়গাটি খাস খতিয়ান হওয়ায় ২০১৯ সালে তৎকালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান সামাজিক নিরাপত্তা ও আবাসন প্রকল্পের আওতায় গৃহহীনদের গুচ্ছগ্রাম নির্মাণের উদ্দেশ্যে সেখানে মাটি ভরাট করেছিল।
এরপর সেখানে গুচ্ছগ্রাম না হওয়ায় ওই গ্রামের যুব সমাজ ও কিশোররা নিয়মিত ফুটবল ও ক্রিকেট খেলতো। স্থানীয়রা বলছেন, ওই মাঠটি কোনো ব্যক্তির নিজস্ব সম্পত্তি না, সরকারি খাস সম্পত্তি। এ কারণে জায়গাটি খেলার মাঠ হিসেবেই তারা ব্যবহার করতেন। কিন্তু গতকাল হঠাৎ সরকার বংশের হেকমত আলী সরকার, আল-আমিন সরকার, নূর মোহাম্মদ সরকার, ওমর আলী সরকার, হারান সরকার ও তোফাজ্জল সরকার মাঠটি চাষাবাদের উদ্দেশ্যে ট্রাক্টর দিয়ে হালচাষ করেছেন। তাদের দাবি, খেলার মাঠ পুনরুদ্ধার করে দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হোক। মুঠোফোনে কথা হয় নওকৈড় গ্রামের বরাদ আলী প্রামাণিকের সঙ্গে। তিনি বলেন, জায়গাটি সরকারি খাস হওয়ায় কেউ খাজনা-খারিজ করতে পারে না। সেখানে গুচ্ছগ্রাম হবে বলে আওয়ামী লীগ আমলের শওকত চেয়ারম্যান মাটি ফেলে রেখেছিল। কিন্তু সেটাও হয়নি। তারপর থেকেই ছেলেরা সেখানে খেলাধুলা করে। তবে, সরকারি সম্পত্তি দখলে নেয়ার কারণ জানতে হেকমত আলী সরকার গংদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো উত্তর পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, ওই মাঠ দখলের বিষয়টি আমার জানা নেই। আপনার মাধ্যমেই অবগত হলাম। বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
