মোটরসাইকেলের ধাক্কায় ইউপি চেয়ারম্যান নিহত

মোটরসাইকেলের ধাক্কায় ইউপি চেয়ারম্যান নিহত

ফন্ট সাইজ:

মাদারীপুরের শিবচরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় শহিদুল ইসলাম মৃধা (৬০) নামে এক সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শিবচর পৌর বাজারের কাঠপট্টি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে হেঁটে শিবচর বাজারের দিকে যাচ্ছিলেন শহিদুল।

পথে সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী শোক প্রকাশ করে বলেন, তার আকস্মিক মৃত্যু মেনে নেয়ার মতো নয়। তার মৃত্যুতে আমরা ভীষণভাবে শোকাহত। এমন মৃত্যু কাম্য নয়। শিবচর থানার ওসি কামাল হোসেন জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।