জীবনের অভিজ্ঞতা ভাগ করলেন শ্রাবন্তী

জীবনের অভিজ্ঞতা ভাগ করলেন শ্রাবন্তী

ফন্ট সাইজ:

চলছে দুর্গোৎসব। আর এমন আবহেই শ্রাবন্তী চট্টোপাধ্যায় নিজের মনের কথা ভাগ করে নিয়েছেন। দুর্গা মানেই শুধু অসুরবিনাশিনী নন, তিনি শক্তি, সাহস ও আত্মবিশ্বাসের প্রতীক। জীবনের কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর প্রেরণা জোগান তিনি- এমনটাই মনে করেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তার কথায়, প্রত্যেক নারীর মধ্যেই রয়েছে দুর্গার শক্তি; যা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সাহস জোগায়। সম্প্রতি বাঙালির দুর্গাপূজার সঙ্গে জড়িয়ে থাকা আবেগের কথাও তুলে ধরেছেন এই অভিনেত্রী। তার কাছে মা দুর্গা একাধারে দেবী, অন্যদিকে ঘরের মেয়ে উমা। ঢাকের আওয়াজ, শিউলির গন্ধ, কাশফুল আর উৎসবের আনন্দের মধ্যদিয়ে দেবীর আগমন বাঙালির মনে বিশেষ অনুভূতি তৈরি করে।

আবার বিসর্জনের সময় বিষণ্ন হয়ে ওঠে মন। এ আসা-যাওয়ার মধ্যেই বাঙালির দুর্গাপূজার আবেগ বেঁচে থাকে বলে মনে করেন তিনি। নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে শ্রাবন্তী জানান, তার বাবা সেনাবাহিনীতে কর্মরত থাকায় বেশির ভাগ সময় বাড়ির বাইরে থাকতেন। ফলে মা একাই তাকে ও তার দিদিকে সামলেছেন। মায়ের সেই দায়িত্ববোধ ও লড়াইয়ের মধ্যেই তিনি নারীর প্রকৃত শক্তি খুঁজে পেয়েছেন। ‘দেবী চৌধুরানী’ চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতাও তাকে অনুপ্রাণিত করেছে। এই চরিত্রের সাহস ও প্রতিবাদী মনোভাব তাকে শিখিয়েছে, জীবনের লড়াইয়ে পিছিয়ে পড়লে চলবে না। একদিনের জন্য দশভূজা হওয়ার সুযোগ পেলে নারী সুরক্ষা নিশ্চিত করা, শিশু নির্যাতন বন্ধ করা এবং সমাজমাধ্যম থেকে নেতিবাচকতা দূর করতেন বলে জানিয়েছেন অভিনেত্রী।