না বলা কথা বলবেন ইন্তেখাব দিনার

না বলা কথা বলবেন ইন্তেখাব দিনার

ফন্ট সাইজ:

অভিনয় জগতে তিন দশক পার করেছেন ইন্তেখাব দিনার। ওটিটি প্ল্যাটফরমের কল্যাণে ক্যারিয়ারে নতুন ইনিংস পেয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে মূলধারার সিনেমা ‘বরবাদ’-এ যেমন তিনি অভিনয় করেছেন, পাশাপাশি ভিন্ন ধারার চূড়ান্ত ব্যবসাসফল ‘উৎসব’, ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। ‘এটা আমাদেরই গল্প’র মতো সময়ের জনপ্রিয় ধারাবাহিক থেকে ‘তোমাদের গল্প-২’ নাটক কিংবা ‘তাকদীর’, ‘কারাগার’র মতো জনপ্রিয় ওয়েব সিরিজেও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার।

যে কারণে অনেকেই তাকে এখন ‘লাকি চার্ম’ বলে থাকেন। যদিও ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের মামার চরিত্রে অভিনয় করায় কেউ কেউ প্রশ্নও তুলেছিলেন। এ প্রসঙ্গে ইন্তেখাব দিনারের স্পষ্ট জবাব- স্ক্রিপ্ট পছন্দ হলে আমি শাকিব খানের নানার চরিত্রেও অভিনয় করতে রাজি। শুরু থেকেই আমি অভিনেতা হতে চেয়েছি, নায়ক নয়। সম্প্রতি ইন্তেখাব দিনার অতিথি হিসেবে অংশ নিয়েছেন সময়ের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’তে। আজ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে এই বিশেষ পডকাস্ট।

রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে উঠে এসেছে অভিনেতা ইন্তেখাব দিনারের না বলা অনেক কথা। অভিনয়ের প্রয়োজনে ‘ওরা ৭ জন’ সিনেমার একটি দৃশ্যে লাশ হতে হয়েছিল তাকে। ঠিক সে সময়ই ব্যক্তি জীবনে ইন্তেখাব দিনারের বাবা প্রয়াত হয়েছিলেন। ‘কারাগার’ ওয়েব সিরিজের জন্য সত্যিকারের ফাঁসির মঞ্চেও অভিনয় করেছিলেন তিনি। সেই অভিজ্ঞতা স্মরণ করে নিজেকে ভাগ্যবান মনে করেন দিনার। পডকাস্টটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।