চলতি প্রজন্মের অভিনেত্রী মিম চৌধুরী। বিগত কয়েক বছরে বেশ কিছু ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। সম্প্রতি মিম চৌধুরী অভিনীত চমৎকার গল্পের একটি নাটক ইউটিউবে প্রকাশিত হয়েছে। নাটকের নাম ‘অচেনা বউ’। এনডি আকাশের গল্পে ‘অচেনা বউ’ নাটকটি পরিচালনা করেছেন বর্ণনাথ। এরই মধ্যে নাটকটি খুব অল্প সময়ে দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। নাটকটি প্রসঙ্গে মিম চৌধুরী বলেন, এ নাটকের মূল গল্প আমাকে ঘিরেই। যে কারণে কাজটি করেছিও ভীষণ মন দিয়ে। বর্ণনাথ দাদার পরিচালনায় এর আগেও আমি নাটকে অভিনয় করেছি। প্রতিটি নাটকের জন্যই ভালো সাড়া পেয়েছি। তবে ‘অচেনা বউ’ নাটকটির গল্প অন্যরকম।
দর্শক নাটকটি দেখলেই তা বেশ ভালোভাবে অনুধাবন করতে পারবেন। সত্যি বলতে কী, অনেক নাটকের স্ক্রিপ্ট আসে। আমিও চেষ্টা করি, ভালো ভালো গল্পের নাটকগুলোতে অভিনয় করতে। আর এখন তো পারিবারিক গল্পের নাটক নির্মাণ বাড়ছে। আমিও চাই, পারিবারিক গল্পের নাটকে অভিনয় করতে। দেখা যাক, সামনে আরও বেশ কিছু ভালো নাটক প্রচারের অপেক্ষায় আছে। সেই নাটকগুলো নিয়েও আমি ভীষণ আশাবাদী। এদিকে, মিম উপস্থাপনাতেও আছেন নিয়মিত। গ্লোবাল টেলিভিশনের একটি মিউজিক্যাল প্রোগ্রাম নিয়মিত উপস্থাপনা করছেন তিনি।
