রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী যোগ দেবেন ধর্মসভায়

রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী যোগ দেবেন ধর্মসভায়

ফন্ট সাইজ:

আগামী সোমবার রাজশাহী সফরে আসছেন ?বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মসভায় যোগ দেয়ার কথা রয়েছে। তার আগমনকে কেন্দ্র করে রাজশাহীবাসীর মধ্যে নতুন প্রাণের সঞ্চার হবে এবং মানুষ উচ্ছ্বসিত হবে বলে আশা প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ করে শারদীয় দুর্গাপূজা চলাকালীন এ সফর সনাতন ধর্মাবলম্বীদের জন্য এক বড় প্রাপ্তি বলেও মন্তব্য করেন তিনি। এদিন প্রধানমন্ত্রী রাজশাহী, রংপুর, চট্টগ্রাম হয়ে সিলেট যাওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর আসন্ন সফর এবং শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে বৃহস্পতিবার রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, এর আগে কোনো সরকারপ্রধান পূজার সময় রাজশাহীতে আসেননি।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া। তিনি রাজশাহীর মানুষকে অত্যন্ত ভালোবাসেন। এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে বলেন, তারাও রাজশাহীকে খুব ভালোবাসতেন এবং বারবার এখানে এসেছেন। বর্তমান প্রধানমন্ত্রীও সেই ধারাবাহিকতায় রাজশাহীবাসীকে অত্যন্ত স্নেহ ও ভালোবাসা দেন। প্রধানমন্ত্রীর এই সফরকে সুশৃঙ্খল, সুন্দর ও নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, নিরাপত্তা ও শৃঙ্খলায় যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে সেভাবে সবাইকে দায়িত্ব পালন করতে হবে। একইসঙ্গে শারদীয় দুর্গাপূজা যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়, সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি। এদিকে, শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রীর জনসভাস্থল ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি মাদ্রাসা মাঠের পরিষ্কার-পরিচ্ছন্নতা, দেয়াল রংকরণ, মাঠসংলগ্ন রাস্তা সংস্কারসহ সার্বিক কার্যক্রম ও প্রস্তুতি পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের সিদ্ধান্ত গ্রহণ করায় তার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রী রাজশাহীতে আসছেন এটি আমাদের জন্য অত্যন্ত আবেগ ও অনুভূতির বিষয়। তাকে একনজর দেখার জন্য রাজশাহীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।