বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর

ফন্ট সাইজ:

নড়াইলে মোটরসাইকেল চাপায় মুক্তা রানী বিশ্বাস (৫০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নড়াইল সদর উপজেলার গোবরা বাজার আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তা নড়াইল সদর উপজেলার খলশেখালী গ্রামের গণেশ সরকারের স্ত্রী ও রংমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে বের হন মুক্তা। তিনি সহকর্মী নির্মল সরদারের মোটরসাইকেলে মুশুড়িয়া গ্রামের একটি বাড়িতে রং করার কাজে যাচ্ছিলেন। পথিমধ্যে গোবরা মিত্র কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে আসা বেপরোয়া একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

এতে তারা সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মুক্তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হন নির্মল সরদার চিকিৎসাধীন রয়েছেন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সরোয়ার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবার এ ঘটনায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।