হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার সড়কে বাস চলাচল নিয়ে বিরোধের নিরসনে পূর্ববর্তী সভাগুলোতে নেয়া সিদ্ধান্ত বাস্তবায়ন না হলে সিলেট বিভাগের সর্বস্তরের পরিবহন শ্রমিকরা কর্মবিরতিতে যেতে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছে সিলেট বিভাগ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। বৃহস্পতিবার রাতে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে পরিষদের জরুরি সভায় এ হুঁশিয়ারি দেয়া হয়। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে এবং ফেডারেশনের বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য দেন ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সজীব আলী।
সভায় বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবেদ সুলতান চৌধুরী তারেক, সিলেট জেলার ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাদেক খান, সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ ইমরান হোসেন জুনু এবং শ্রমিক নেতা বোরহান মিয়া, জাকারিয়া আহমেদ ও আজাদ মিয়াসহ অন্যরা। এ সময় সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার সড়কে চলাচলকারী বাসকে এসএমএস বাস সার্ভিসের পক্ষ থেকে বাধা দেওয়ার অভিযোগে এর আগে শ্রমিক কর্মবিরতি পালিত হয়েছিল। এ নিয়ে গত ১২ই জুন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জাতীয় সংসদের হুইপ আলহাজ জি কে গৌছের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় হবিগঞ্জের মালিক ও শ্রমিক নেতারা অভিযোগ করেন, সিলেটের হুমায়ুন রশিদ চত্বর ও চণ্ডীপুল এলাকায় হবিগঞ্জের বাস থামতে বাধা দেয়া হচ্ছে এবং বাসের কর্মীদের হয়রানি করা হচ্ছে। তাদের দাবি, অন্যান্য পরিবহনের বাস এসব স্থানে থামিয়ে যাত্রী ওঠানামা করলেও হবিগঞ্জের বাসের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে। এ ছাড়া বিরতিহীনভাবে চলাচলকারী হবিগঞ্জের বাসের কর্মীদের হয়রানি এবং একজনকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগও তোলেন তারা। সভায় এসব হয়রানি বন্ধ করে পূর্ববর্তী সভাগুলোতে নেয়া সিদ্ধান্ত অনুযায়ী বাস চলাচল নিশ্চিত করার সিদ্ধান্ত হয়। পরিষদের নেতারা বলেন, একাধিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার পরও সমস্যার সুষ্ঠু সমাধান হচ্ছে না। বরং নতুন করে হুমায়ুন রশিদ চত্বর ও চন্ডিপুল এলাকায় সমস্যা সৃষ্টি করা হচ্ছে।
