ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার নাওগাঁও ইউনিয়নের শিবপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- ফুলবাড়ীয়া উপজেলার মৃত মেহের আলীর ছেলে গোলাম মোস্তফা (৪৬), আইয়ুব আলীর ছেলে আবু সাইদ (২৫), বরগুনার তালতলী উপজেলার আব্দুর রশিদ ফকিরের ছেলে মোস্তফা ফকির (৪৮), রাজা বিশ্বাসের ছেলে ইসমাইল বিশ্বাস (৪৯)। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে সংবাদ পাই শিবপুর গ্রামে জাল টাকা বেচাকেনা হচ্ছে। এমন অভিযোগে অভিযান পরিচালনা করে পুলিশ।
এ সময় এক হাজার টাকার ৬১০টি জাল নোট জব্দ করে। যার সর্বমোট মূল্য ছয় লাখ দশ হাজার টাকা। এ সময় জাল টাকা কারবারে জড়িত চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ আরও জানায়, মোস্তফার গ্রামের বাড়ি মানিকগঞ্জে। তবে তিনি দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ি শিবপুর গ্রামে বসবাস করছেন। তার বিরুদ্ধে এর আগেও জাল নোটের ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, উদ্ধারকৃত জাল নোটের উৎস, সংশ্লিষ্ট অপরাধী চক্রের সদস্যদের শনাক্ত করতে পুলিশি অনুসন্ধান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
