গাজীপুরে গাড়িতে তুলে ফায়ার সার্ভিসের দুই কর্মীকে জখম ৫ লাখ টাকা দাবি

ফন্ট সাইজ:

গাজীপুরে প্রাইভেটকারে যাত্রীবেশে ফায়ার সার্ভিসের দুই কর্মীকে জিম্মি করে নির্যাতন ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তাদের কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা, মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়ার পাশাপাশি দাবি করা হয় পাঁচ লাখ টাকা। প্রাণনাশের হুমকি দিয়ে পরিবারের কাছ থেকে বিকাশে নেয়া হয় ১৮ হাজার টাকা। পরে তাদের হোতাপাড়ার কাছে নির্জন স্থানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। আহত দু’জন বর্তমানে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর ফায়ার সার্ভিসে কর্মরত সিনিয়র ড্রাইভার আজহারুল ইসলাম ও বাবুর্চি রনি ছুটি নিয়ে গাজীপুর থেকে গ্রামের বাড়ি মুক্তাগাছার উদ্দেশ্যে রওনা হন তারা। নগরীর জয়দেবপুর থেকে চান্দনা চৌরাস্তায় গিয়ে যাত্রীবেশে আগে থেকেই বসে থাকা দুই ব্যক্তির সঙ্গে একটি প্রাইভেটকারে ওঠেন তারা। ভুক্তভোগীদের অভিযোগ, গাড়ি ছেড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ন্যাশনাল পার্ক এলাকায় পৌঁছালে গাড়িতে থাকা দুই ব্যক্তি অস্ত্রের ভয় দেখিয়ে তাদের চোখ-মুখ বেঁধে সঙ্গে থাকা নগদ ৩০ হাজার টাকা, মোবাইল ফোন, বিকাশে থাকা টাকা ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়। এরপর আরও টাকা আদায়ের জন্য চাপ দিতে থাকে তারা। একপর্যায়ে পাঁচ লাখ টাকা দাবি করে দুর্বৃত্তরা। টাকা দিতে অস্বীকৃতি জানালে আজহারুল ইসলামকে শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাত ও খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত জখম করা হয়। রনিকে মারধর ও কিল ঘুষি দিয়ে আহত করা হয়।

প্রাণনাশের হুমকি দিয়ে পরিবারের কাছ থেকে বিকাশে আরও ১৮ হাজার টাকা এনে দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ তাদের। এরপরও দুর্বৃত্তদের দাবি মতো টাকা দিতে না পারায় বার বার প্রাণভিক্ষা চান তারা। একপর্যায়ে হোতাপাড়া এলাকার কাছাকাছি পৌঁছে নির্জন স্থানে তাদের ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে আহত দু’জনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। দিনদুপুরে কিংবা রাতের যাত্রায় নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে এমন ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার তাশারফ হোসেন।