অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি আসর বিগ ব্যাশের ষোড়শ মৌসুমেও আলো ছড়াতে যাচ্ছেন রিশাদ হোসেন। গত আসরের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তাকে নিজেদের স্কোয়াডে ধরে রেখেছে হোবার্ট হারিকেন্স। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে।
এর আগে অভিষেক মৌসুমেই বিগ ব্যাশে দ্যুতি ছড়ান রিশাদ। গত আসরে ১২ ম্যাচে বল হাতে তুলে নেন ১৫ উইকেট, যা ছিল দলের সর্বোচ্চ। ২০.৮৬ গড়ে এবং ৭.৮২ ইকনোমি রেটে করা তার ওই পারফরম্যান্সের মধ্যে সেরা বোলিং ফিগার ছিল ২৬ রানে ৩ উইকেট। এমন চোখ ধাঁধানো সাফল্যের স্বীকৃতিস্বরূপ মৌসুম শেষে হোবার্ট হারিকেন্সের ‘বর্ষসেরা খেলোয়াড়’-এর মুকুটও ওঠে রিশাদের মাথায়। হোবার্টের হাই পারফরম্যান্স বিভাগের ম্যানেজার সালিয়ান বিমস বলেন, ‘গত মৌসুমে রিশাদ আমাদের হয়ে অসাধারণ খেলেছে। প্রথমবার বিগ ব্যাশে এসে প্রতিটি ম্যাচ খেলা এবং দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া তার দক্ষতা ও অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেয়ার সক্ষমতা তুলে ধরে।’
আগামী মৌসুমে হোবার্টের স্কোয়াডে বড় চমক হিসেবে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। ফলে জাম্পা ও রিশাদের এই স্পিন জুটি প্রতিপক্ষের ব্যাটারদের জন্য বাড়তি হুমকি হয়ে দাঁড়াবে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। বিমস বলেন, ‘জাম্পা দীর্ঘদিন ধরে বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা সাদা বলের বোলার। আর মাঝের ওভারগুলোতে রিশাদ কতটা বিপজ্জনক হতে পারে, তা গত মৌসুমে আমরা দেখেছি। আমাদের স্কোয়াডে দুজনকে পাওয়ায় বোলিং আক্রমণে অনেক বেশি নমনীয়তা আসবে এবং নতুন মাত্রা যোগ হবে।’
অবশ্য গত মৌসুমে কোয়ালিফায়ার ম্যাচ হেরে হোবার্টকে আসর থেকে বিদায় নিতে হয়। তবে রিশাদ ব্যক্তিগত নৈপুণ্যে নজর কাড়েন বিশ্ব ক্রিকেটের। বিগ ব্যাশ ছাড়াও ফ্র্যাঞ্চাইজি লীগগুলোতে তার কদর এখন তুঙ্গে। দক্ষিণ আফ্রিকার ‘এসএটোয়েন্টি’-তে সানরাইজার্স ইস্টার্ন কেপ তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে। এছাড়া পাকিস্তান সুপার লীগেও (পিএসএল) খেলার অভিজ্ঞতা রয়েছে টাইগার অলরাউন্ডারের। আগামী ১২ই ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বিগ ব্যাশের এবারের আসর। ১৭ই ডিসেম্বর ব্রিসবেন হিটের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে হোবার্ট।
হোবার্ট হারিকেন্সের স্কোয়াড: মার্কাস বিন, ইয়ান কার্লাইল, নিখিল চৌধুরী, টিম ডেভিড, নাথান এলিস, রিশাদ হোসেন, নিক হবসিন, শেই হোপ, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, মিচ ওয়েন, উইল প্রেস্টউইজ, বিলি স্ট্যানলেক, টিম ওয়ার্ড, জ্যাক ওয়েদারাল্ড, বাউ ওয়েবস্টার, অ্যাডাম জাম্পা।
