সাফে খেলবেন রোনান সুলিভান

সাফে খেলবেন রোনান সুলিভান

ফন্ট সাইজ:

ফিফা আসিয়ান কাপে আক্রমণভাগে গোল স্কোরারের অভাববোধ করে আক্ষেপ করেছিলেন জাতীয় দলের হেড কোচ টমাস ডুলি। সেই অভাব দূর করতে ঘরের মাঠে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের দলে রোনান সুলিভানকে রাখছেন ৬৫ বছর বয়সী এ কোচ। যুক্তরাষ্ট্রপ্রবাসী এই তরুণ ফরোয়ার্ডের জাতীয় দলের হয়ে খেলার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গত এপ্রিলে অনূর্ধ্ব-২০ সাফে বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রোনান এবার জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন। রোনান সুলিভানের অংশগ্রহণ নিয়ে কিছুদিন ধোঁয়াশা থাকলেও বাফুফের শীর্ষ পর্যায়ের ইতিবাচক পদক্ষেপে বিষয়টি এখন নিশ্চিত। গতকাল বাফুফে ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সহ-সভাপতি ফাহাদ করিম বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আজকেই সে আমাকে নিশ্চিত করেছে যে, ইনশা আল্লাহ আসতে পারবে। আগামী ১৮ই অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ সময়সূচি। আমরা তাকেই স্কোয়াডে রাখবো।’

দীর্ঘদিন ধরে আক্রমণভাগের একজন নির্ভরযোগ্য স্ট্রাইকারের অভাববোধ করছে বাংলাদেশ দল। প্রতিপক্ষের বিপক্ষে সুযোগ তৈরি করেও ফিনিশিং দুর্বলতায় দলকে হতাশ হতে হয়। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমিতে গড়ে ওঠা রোনানকে দিয়ে সেই অভাব কাটাতে চান ডুলি। যুক্তরাষ্ট্রের কলেজ সকার সার্কিটে ব্যস্ত সময় পার করা রোনান গত এপ্রিলে মালদ্বীপের মালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফে বাংলাদেশকে অপরাজিত চ্যাম্পিয়ন করার মূল নায়ক। গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে দারুণ এক ফ্রি-কিক ও হেডে দুটি গোলই করেন তিনি। ভারতের বিপক্ষে ফাইনালেও টাইব্রেকারে গোল করে দলের শিরোপা জয়ে ভূমিকা রাখেন এই ফরোয়ার্ড। টাইব্রেকারে স্নায়ুচাপ সামলে গোল করেও রোনান নিজের কার্যকারিতা প্রমাণ করেন। আগামী ৪ঠা থেকে ১৭ই নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে হবে সাফের ১৫তম আসর। ফিফার নিষেধাজ্ঞার কারণে নেপাল বাদ পড়ায় এবার টুর্নামেন্টে ৬টি দল অংশ নিচ্ছে। স্বাগতিক বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘এ’-তে, যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ এবং পাকিস্তান। সূচি অনুযায়ী গ্রুপ পর্বের লড়াই শেষে ১৪ই নভেম্বর সেমিফাইনাল এবং ১৭ই নভেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।