অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি হচ্ছে আজ। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়াম ম্যাচ শুরু সকাল ১১টায়। লীগ পর্বে লঙ্কানদের কাছে টানা তিন ম্যাচে হারের ধারা ভেঙে ঘুরে দাঁড়ানোই সাদিয়া সুলতানার দলের লক্ষ্য। লীগ পর্বে পাকিস্তানকে ৩২ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। সেই ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৩৬ রান তোলে দল। সাদিয়া ইসলাম ২৮ বলে করেন ৪৪, শিরিনা খাতুন ৪০ বলে ৩২, নিশিতা আক্তার নিশি ২০ বলে ২০। জবাবে পাকিস্তান থামে ৯ উইকেটে ১০৪ রানে। ফারজানা ইয়াসমিন মেধা নেন ৩ উইকেট, নিশিতা ২টি। ওই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ওঠে বাংলাদেশ।
তবে লীগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৮ উইকেটে হারে জুনিয়র টাইগ্রেসরা। আগে ব্যাট করে ১৭.৩ ওভারে ৫৮ রানে গুটিয়ে যায় দল। কোনো ব্যাটারই থিতু হতে পারেননি। লিমন্সি তিলকরত্নে ১৩ রানে ৩ উইকেট ও দানোদ্যা ৭ রানে ২ উইকেট নেন। ৫৯ রানের লক্ষ্য ১০.৪ ওভারেই ২ উইকেটে পেরিয়ে যায় শ্রীলঙ্কা। বিমোক্ষা ১৮ বলে ২২ রান করেন। তিলকরত্নে ম্যাচসেরা হন। লঙ্কানদের বিপক্ষে লীগ পর্বে জয় পায়নি বাংলাদেশ। এছাড়া ব্যাটিং নিয়ে চিন্তা কোচিং স্টাফের। পাকিস্তানের বিপক্ষে রান এসেছিল সাদিয়া, শিরিনা ও নিশিতার ব্যাটে। শ্রীলঙ্কার বিপক্ষে তাদের কেউই দাঁড়াতে পারেননি। ফাইনালে ব্যাটারদের ফর্মে ফেরা জরুরী। বোলিংয়ে ভরসা মেধা ও নিশিতা।
