ঢাকায় চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট

ঢাকায় চারজাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট

ফন্ট সাইজ:

দ্বিতীয়বারের মতো পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে হবে আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্ট আইএইচএফ নেশনস ট্রফি। প্রতিযোগিতা হবে আগামী ১৮-২২শে অক্টোবর পর্যন্ত। টুর্নামেন্টে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশসহ ভারত, নেপাল ও মালদ্বীপ। এ উপলক্ষে গতকাল পল্টনের বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) ডাচ্‌ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে হয় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। পাঁচ দিনব্যাপী এই আসরের নামকরণ করা হয়েছে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে। হ্যান্ডবলের এই প্রতিযোগিতা হবে রাউন্ড রবিন লীগ ভিত্তিতে। যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। ১৮, ১৯ এবং ২০শে অক্টোবর প্রতিদিন হবে দুটি করে লীগ ম্যাচ। লীগ ম্যাচ শেষে ২১শে অক্টোবর হবে ব্রোঞ্জ ম্যাচ। পরের দিন গোল্ড মেডেলের জন্য লড়বে দুই ফাইনালিস্ট। বাংলাদেশকে ফাইনালে তোলার বিষয়ে আত্মবিশ্বাসী দলের অধিনায়ক ইসমেতারা নিশি। তিনি বলেন, ‘এবারই আমরা প্রথমবার বিদেশি কোচের অধীনে অনুশীলন করেছি। আমাদের আশা ফাইনাল খেলব। মালদ্বীপ এবং নেপাল খেলায় অনেক উন্নতি করছে। নেপালের ৮জন খেলোয়াড় আর্মি দলের হয়ে খেলে। তারা শক্ত প্রতিপক্ষ অবশ্যই। তাই শুধু ভারতকে নিয়ে ভাবলেই হবে না। আমরা সর্বোচ্চটা দিয়ে খেলবো এবং ফাইনালে উঠবো- এটাই আমাদের সবার প্রচেষ্টা থাকবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ভালো খেলতে পারি এবং দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারি।’ বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের স্প্যানিশ কোচ আনা আলোনসো বলেন, ‘বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনকে ধন্যবাদ, আমাকে মেয়েদের সঙ্গে কাজ করার সুযোগ দেয়ার জন্য। অভিজ্ঞতাটি সব দিক থেকেই চমৎকার ছিল।

আমরা কেবল এই টুর্নামেন্ট জেতার জন্যই নয়, বরং বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের ভবিষ্যৎ ও আসন্ন প্রতিযোগিতাগুলোর ভিত শক্ত করার লক্ষ্যে কাজ করছি। আমরা সঠিক পথেই আছি।’ বাংলাদেশ নারী হ্যান্ডবল দল দীর্ঘদিন প্রতিযোগিতামূলক এবং আন্তর্জাতিক ম্যাচ খেলা থেকে দূরে, এ নিয়ে কোচ বলেন, ‘গত কয়েক বছর দলটির কোনো আন্তর্জাতিক ম্যাচ ছিল না, ফলে প্রতিপক্ষ দলগুলোর বর্তমান মান সম্পর্কে ধারণা পাওয়া কঠিন। তবে আমরা শতভাগ নিশ্চিত যে প্রতিটি ম্যাচে সর্বোচ্চটা দেবো। আমরা অবশ্যই ফাইনালে যেতে এবং জিততে লড়াই করব। আমাদের নিয়ন্ত্রণে থাকা বিষয়গুলো- যেমন চেষ্টা, লড়াই ও প্রতিটি বলের জন্য প্রতিদ্বন্দ্বিতা-এসব ক্ষেত্রে আমরা সেরাটা দেবো।’ টুর্নামেন্টের উদ্বোধন হবে আগামী ১৮ই অক্টোবর, সকাল ১১টায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। উদ্বোধন এবং সমাপনী দিনে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।