হামজার লাল কার্ডে ক্ষুব্ধ শেফিল্ড কোচ

হামজার লাল কার্ডে ক্ষুব্ধ শেফিল্ড কোচ

ফন্ট সাইজ:

 ইংলিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচে হামজা চৌধুরীর জন্য বুধবারের রাতটা সুখকর হলো না। পোর্টসমাউথের মাঠে নাটকীয় ও রোমাঞ্চকর এক ম্যাচে ৩-২ গোলে হেরে গেছে শেফিল্ড ইউনাইটেড। তার ওপর বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার হামজার বিতর্কিত লাল কার্ড ম্যাচটির রঙ পুরোপুরি বদলে দিয়েছে। পরাজয়ের চেয়ে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়েই এখন চারদিকে চলছে মূল আলোচনা। ম্যাচের পর এমন সিদ্ধান্তে ক্ষোভ উগরে দিয়েছেন শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার। ফ্র্যাটন পার্কে ৫৪ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফেরে শেফিল্ড। তবে ডিফেন্সের ভুল আর শেষ মুহূর্তের গোল সব ওলোটপালোট করে দেয়। যদিও ম্যাচের মূল মোড় ঘুরে যায় প্রথমার্ধের শেষভাগে এসে। ৪৪ মিনিটে চেলসি থেকে ধারে পোর্টসমাউথে খেলা উইঙ্গার রায়ান কাভুমা-ম্যাককুইনকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন

হামজা। মাত্র ৯ মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এই মিডফিল্ডারকে। ফলে প্রায় পুরো একটি অর্ধে ১০ জন নিয়ে লড়তে বাধ্য হয় শেফিল্ড। রেফারি অলিভার ল্যাংফোর্ডের এমন সিদ্ধান্তে রীতিমতো ক্ষোভে ফুঁসেছেন শেফিল্ড বস ওয়াইল্ডার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রেফারির নিরপেক্ষতা ও ধারাবাহিকতা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন তিনি। ওয়াইল্ডারের দাবি, রায়ান নাটমেগ বা পায়ের ফাঁক দিয়ে বল বের করার চেষ্টা করার সময় হামজার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান। সেখানে হামজার সরে যাওয়ার বা অন্য কোথাও যাওয়ার কোনো ন্যূনতম সুযোগই ছিল না। রেফারির আচরণের বর্ণনা দিয়ে ক্ষোভ প্রকাশ করে শেফিল্ড বস বলেন, ‘হামজা কোথায় যাবে? সে কি অদৃশ্য কোনো চরিত্র যে হুট করে মিলিয়ে যাবে? মাঠ জুড়েই এমন অসম সিদ্ধান্ত ঘটছে। প্রথমে রেফারি ইঙ্গিত দেন যে হামজাকে লাল কার্ড দেখানো হবে না। কিন্তু প্রতিপক্ষ খেলোয়াড়দের চাপে তিনি শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলে ফেললেন। মনে হচ্ছে, আমাদের প্রতি চরম অবিচার করা হয়েছে।’ শুধু লাল কার্ডই নয়, ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি বক্সের ভেতরে শেফিল্ডের এক খেলোয়াড়ের জার্সি টেনে ধরার ঘটনাও ওয়াইল্ডারের ক্ষোভের পালে নতুন হাওয়া দেয়। সেখানে স্পষ্ট দেখা যায়, শেফিল্ড ফুটবলারের জার্সি প্রায় খুলে যাওয়ার উপক্রম হয়। তবে রেফারি তাতে কোনো কর্ণপাত করেননি। ধারাবাহিকতাহীন এমন রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে ওয়াইল্ডার জানান, এ ধরনের সিদ্ধান্তগুলো দলের জয়ের স্বপ্নকে ভেঙে চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে। এ হারের ফলে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড়সড় ধাক্কা খেলো শেফিল্ড। ১০ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে বর্তমানে ১৫ নম্বরে রয়েছে তারা।
শেফিল্ডের হয়ে চলতি মৌসুমে ৩ ম্যাচে খেলে গোলের দেখা পাননি হামজা।