নিউইয়র্কের টাইমস স্কোয়ারে জমজমাট দুর্গোৎসব

নিউইয়র্কের টাইমস স্কোয়ারে জমজমাট দুর্গোৎসব

ফন্ট সাইজ:

সাত সমুদ্র তেরো নদী পেরিয়েও প্রবাসে অক্ষুণ্ণ রয়েছে দুর্গোৎসবের আবেগ। নিউইয়র্কের বিশ্ববিখ্যাত টাইমস স্কয়ারের ফাদার ডাফি স্কোয়ারে অনুষ্ঠিত হলো দু’দিনব্যাপী দ্বিতীয় ‘টাইমস স্কোয়ার দুর্গা উৎসব’। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ধর্মীয় আচার, পুজো, বাংলা গান ও নাচের মধ্য দিয়ে উৎসবে মেতে ওঠেন প্রবাসী বাঙালিরা।

‘টাইমস স্কোয়ার দুর্গা উৎসব অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে আয়োজিত ১০ ও ১১ অক্টোবরের এই উৎসবে যোগ দেন আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসী বাঙালি এবং আন্তর্জাতিক পর্যটকরা। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি দ্বিতীয় দিনে ‘দশ মহাবিদ্যা’ নৃত্যনাট্য এবং শিল্পী মেখলা দাশগুপ্ত ও দেয়াশিনী রায়ের সংগীত পরিবেশনা দর্শকদের বিশেষ নজর কাড়ে। নতুন প্রজন্মের শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চাকে আরও সমৃদ্ধ করেছে।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল আমেরিকায় বিগত পাঁচ দশক ধরে বাঙালি সংস্কৃতি ও দুর্গাপুজোর ঐতিহ্য ধরে রাখা ছ’টি ঐতিহ্যবাহী সংগঠনকে সম্মাননা জানানো। আয়োজকদের সম্মিলিত প্রচেষ্টায় আন্তর্জাতিক এই মঞ্চে আরও একবার প্রবাসে বাঙালির আবহমান ঐতিহ্য ও উৎসবের আবহ ফুটে ওঠে।