হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্যাংকে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে দুর্গাপূজার ছুটি সমন্বয় করতে আগামী শনিবার (১৭ অক্টোবর) দেশের সব তফসিলি ব্যাংকগুলো খোলা থাকবে। সম্প্রতি দুর্গাপূজা উপলক্ষে তফসিলি ব্যাংকসমূহে ছুটি ঘোষণা করে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের অনুবৃত্তিক্রমে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর, ২০২৬ (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে এবং আগামী ১৭ অক্টোবর (শনিবার) বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।
সার্কুলারে আরও বলা হয়, সমুদ্র/স্থল/বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা ও বুথসমূহ সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে গত ৫ আগস্ট, ২০১৯ তারিখে জারিকৃত ডিওএস সার্কুলার অনুসারে ২০ থেকে ২২ অক্টোবর, ২০২৬ (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) সরকারি ছুটির দিন এবং ২৩ ও ২৪ অক্টোবর, ২০২৬ (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখতে হবে। তবে এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসনসহ বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাক্রমে ব্যাংকগুলো যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ৭ অক্টোবর একদিনের ছুটি বাড়িয়ে শারদীয় দুর্গাপূজার ছুটি ঘোষণা করে সরকার। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত ছিল। এরপর ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস খোলা থাকার কথা থাকলেও সম্প্রতি মন্ত্রিসভায় ওই দিনটিতেও নির্বাহী আদেশে ছুটি দেয়ার প্রস্তাব অনুমোদিত হয়। ফলে ২০, ২১ ও ২২ অক্টোবর টানা তিনদিন পূজার ছুটি থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচদিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে।
তবে এই ছুটি শুরুর আগের সাপ্তাহিক ছুটির মধ্যে ১৭ অক্টোবরের (শনিবার) ছুটি বাতিল করা হয়েছে। এর ফলে ওইদিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।
