ভাটিয়ারীতে যুবদল নেতাকর্মীদের বহিষ্কার প্রত্যাহারের দাবি

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের যুবদল নেতাকর্মীদের বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারসহ নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওয়ার্ড বিএনপি’র নেতা মো. আলমগীর। তিনি বলেন, দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার আগে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য শোনা এবং সরজমিন তদন্ত করা প্রয়োজন।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ২১শে মে ভাটিয়ারী ইউনিয়ন পরিষদে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক কফিল উদ্দীনের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে বিএনপি’র কয়েকজন জ্যেষ্ঠ নেতাসহ অনেকে আহত হন বলে দাবি করা হয়। এ ঘটনায় কফিল বাদী হয়ে ২২শে মে সেলিম মাহমুদ ও তার সহযোগীদের আসামি করে সীতাকুণ্ড মডেল থানায় মামলা করেন।

অন্যদিকে, গত ৩রা অক্টোবর সেলিম মাহমুদ বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে আরেকটি মামলা করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। কফিল মানবজমিনকে বলেন, দলের দুঃসময়ে তারা নির্যাতনের শিকার হয়েছেন এবং একাধিক মামলার আসামি হয়েছেন। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ২০২৪ সালের ৫ই আগস্টের পর সেলিম মাহমুদ জুয়া পরিচালনা ও মাদক ব্যবসাসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় দলের নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয় বলে বক্তারা দাবি করেন। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সেলিমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। সংবাদ সম্মেলনে ৪ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. রমজান আলী মেম্বার, সাধারণ সম্পাদক মো. ফিরোজুল আলম, বিএনপি নেতা নাছির সওদাগর, মো. সোলায়মান, মো. ইউনুছ, মো. হানিফ মাঝি ও মো. জামাল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।