গোপনে খাদ্যগুদাম পরিদর্শনের অভিযোগে খাদ্যমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আবদুল আওয়াল বুলবুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। খাদ্যমন্ত্রী আফরোজা খানমকে না জানিয়ে সরকারি সফরসূচি তৈরি করে গুদাম পরিদর্শন করায় তাকে অব্যাহতি দেন মন্ত্রী।
এ সফরসূচি তৈরিতে সহায়তার অভিযোগে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর টাঙ্গাইলের নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্যগুদাম পরিদর্শন করেন এপিএস আবদুল আওয়াল। এ জন্য ৮ অক্টোবর রফিকুল ইসলামের স্বাক্ষরে একটি সরকারি সফরসূচির নোটিশ জারি করা হয়। তাতে ঢাকার মোহাম্মদপুরে এপিএস আবদুল আওয়ালের নিজের বাসা থেকে যাত্রা শুরু করে পরিদর্শন শেষে আবার বাসায় ফেরা পর্যন্ত কর্মসূচি উল্লেখ করা হয়।
সফরের যাবতীয় সহায়তার জন্য খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে নোটিশের অনুলিপি দেওয়া হয়। জ্বালানির ব্যবস্থা করতে অনুলিপি পাঠানো হয় খাদ্য অধিদপ্তরের পরিবহন পুলের পরিচালককেও। ওই সফরে কয়েকজন সরকারি কর্মকর্তাও গিয়েছিলেন বলে জানা গেছে।
মন্ত্রণালয় সূত্রের ভাষ্য, এপিএসের এই সফর সম্পর্কে খাদ্যমন্ত্রী কিছুই জানতেন না। বিষয়টি জানার পর তিনি বিরক্ত হন। সফরের পরদিন আবদুল আওয়ালকে নিজের কক্ষে ডেকে অফিস থেকে চলে যেতে বলেন। এরপর তাঁকে মৌখিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
এ বিষয়ে খাদ্যমন্ত্রী আফরোজা খানম জানান, তাঁকে না জানিয়ে গুদাম পরিদর্শনের কারণে আবদুল আওয়ালকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
খাদ্যমন্ত্রীর এপিএসকে অব্যাহতি
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
১৫ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬, ১২ঃ০০ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
