আমার একমাত্র ছেলে নাফিজ হাসান জিম (১৩)। ছয়দিন আগে বাড়ি থেকে মাদ্রাসায় গিয়ে এখনো ফিরে আসেনি। ছেলেটি কোথায় আছে, কী খাচ্ছে, কেমন আছে, বেঁচে আছে নাকি মারা গেছে— কিছুই জানি না। যশোরের অভয়নগর থেকে নিখোঁজ হওয়া জিমের মা মেহেজাবিন সুলতানা এভাবেই কথাগুলো বলছিলেন আর আর্তনাদ করছিলেন। তিনি বলেন, জিমের বাবা এস এম আবুল কাশেম একজন দিনমজুর। উপজেলার চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামে তাদের বসবাস।
নিখোঁজ জিমের বাবা বলেন, ছেলে উপজেলার কাদিরপাড়া এবতেদায়ী মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। গত ৯ই অক্টোবর বিকালে বাড়ি থেকে বেরিয়ে মাদ্রাসায় গিয়ে নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে গত সোমবার অভয়নগর থানায় ছেলে নিখোঁজের সাধারণ ডায়েরি করেছি। তিনি জানান, নিখোঁজ হওয়ার সময় জিমের পরনে ছিল কফি রংয়ের পাঞ্জাবি ও সাদা রংয়ের পায়জামা। তার গায়ের রং ফর্সা, মাথার চুল কালো ও ছোট, উচ্চতা চার ফুট, ওজন ৩৫ কেজি, মুখমণ্ডল গোলাকার। সন্ধান পেলে যোগাযোগ অথবা নিকটস্থ থানায় হস্তান্তর করার অনুরোধ করা হয়েছে।
এ ব্যাপারে অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, নিখোঁজ জিমকে খুঁজে পেতে সব ধরনের আইনি কার্যক্রম চলমান রয়েছে।
