নেত্রকোণায় মধ্যরাতে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন

ফন্ট সাইজ:

নেত্রকোণার সদর উপজেলার মৌগাতি ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের বারান্দার একটি কক্ষে রাখা দু’টি মোটরসাইকেল ও অফিসিয়াল রেকর্ড ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে গ্রামীণ ব্যাংকের দোতলা ভবনের নিচতলার একটি কক্ষে বিস্ফোরণের শব্দ শুনতে পান কেয়ারটেকার মোহাম্মদ আইনুদ্দিন। বাইরে এসে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে দোতলায় ঘুমন্ত অবস্থায় থাকা অফিসের স্টাফ সুব্রত নিচে নেমে এলে আগুন দেখে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং আগুন নেভানোর চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন ও ব্যাংক কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনজুর আহমেদ বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশে খবর দেই। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে ধারণা করছি দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে। আগুনে অফিসের দু’টি মোটরসাইকেল ও ২০০৫ সাল থেকে সংরক্ষিত নথি, মূল্যবান কাগজপত্রসহ ও আসবাবপত্র পুড়ে গেছে। আগুনে ভবনেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এ ব্যাপারে আমরা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি। নেত্রকোণা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩ টায় চুঁচুয়া বাজারে গ্রামীণ ব্যাংকে আগুন লাগার ঘটনায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।

আগুন লাগার কারন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগতে পারে আবার ঘটনাস্থলে আমরা বোতল দেখতে পেয়েছি যা অনেকটা পেট্রোল বোমাসদৃশ, তবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে তা হয়তো তদন্ত সাপেক্ষে জানা যাবে। নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। বোতলসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। কীভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।