শ্যামনগরে জমি নিয়ে বিরোধে দায়ের কোপে ব্যবসায়ীর মৃত্যু

ফন্ট সাইজ:

সাতক্ষীরার শ্যামনগরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের দায়ের কোপে মোজাম মিস্ত্রি (৬০) নামের এক মৎস্য ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে খুমেক হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি শ্যামনগর উপজেলা সদরে গৌরীপুর গ্রামের মৃত তাহের মিস্ত্রির ছেলে। জানা যায়, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে প্রতিদিনের মতো শ্যামনগর বাজার থেকে বাড়ি ফেরার পথে গোপালপুর এলাকায় প্রতিপক্ষের হামলার শিকার হন তিনি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলেও রাতে সামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ভোরে তাকে খুমেক হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা।

নিহতের ছেলে তোফাজ্জল মিস্ত্রির ভাষ্য, প্রতিপক্ষ ইস্রাফিল হোসেনের ছেলে বিল্লাল হোসেন বাবু ও তার সহযোগী হাসানসহ ১০/১২ জন অস্ত্রধারী বাড়ি ফেরার পথে বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় তারা মৃত ভেবে পাশের খালে ফেলে চলে যায়। পরে পথচারীরা গোঙানির শব্দ শুনে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে বাবা হামলায় জড়িতদের নাম-পরিচয় পুলিশকে জানিয়েছিল। শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর শুনলেও এখনো নিহতের পরিবারের কেউ পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি। তবে ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ তৎপরতা শুরু করেছে।