নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর অন্যতম আইনজীবী এডভোকেট জিয়াউল ইসলাম কাজলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অন্য দু’জন হলেন— এডভোকেট মাহবুবুর রহমান তুষার ও আতিকুল ইসলাম। তাদের সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নগরীর পৃথক দু’টি স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, এডভোকেট জিয়াউল ইসলাম কাজল ও তার ভাই আতিকুল ইসলামকে শহরের আল্লামা ইকবাল রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, এডভোকেট মাহবুবুর রহমানকে দেওভোগের পাকা রোড এলাকার গার্মেন্ট গলি থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকাল ১০টার দিকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে পাঁচদিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠায় পুলিশ। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম। পুলিশ জানায়, কয়েক দিন আগে ফতুল্লা থানার আওতাধীন জামতলা অক্টো অফিস এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি মিছিল হয়। ওই ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার ঘটনার পর এ গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয় বলে অভিযোগ আইভী সমর্থকদের।
উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। ১৩ই অক্টোবর নিম্ন আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি এবং আইভীর পুনরায় জামিনের আবেদনের বিষয়ে দিন ধার্য ছিল। শুনানিতে তার আইনজীবী পুনরায় জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় নেতাকর্মীদের বেষ্টিত ছিলেন আইভী। এ সময় তিনি ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না, জয় বাংলা’ বলে স্লোগান দেন। পরে উপস্থিত নেতাকর্মীরাও তার সঙ্গে একই সেøাগানে কণ্ঠ মেলান।
