নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

ফন্ট সাইজ:

নওগাঁর মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় কৃষক আনিছুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের ৯ জন আহত হয়েছেন। ঘটনায় ওসমান গনি নামের এক জনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার খাজুর ইউপির রণাইল নিচপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আনিছুর রহমান ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, রণাইল মৌজায় প্রায় ১০ বিঘা জমি নিয়ে আনিছুর রহমানের সঙ্গে দীর্ঘদিন থেকে একই গ্রামের মৃত লছিম উদ্দীনের ছেলে নজরুলের বিরোধ চলে আসছিল। ওই বিরোধকৃত জমি নজরুল তাদেরকে বুঝিয়ে না দিয়ে জোরপূর্বক ভোগদখল করে আসছিলেন। স্থানীয় মাতুব্বররা সালিশ-দরবারের মাধ্যমে আনিছুর রহমানের প্রায় ৭ বিঘা জমি বুঝিয়ে দিলে তারা সেখানে ধানের চারা রোপণ করেছিলেন। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে ওই জমিতে কীটনাশক ছিটিয়ে ফেরার সময় নজরুল ইসলামের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ২০ থেকে ২৫ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই আনিছুর রহমান মারা যায়। এ সময় উভয় পক্ষের ৯ জন আহত হয়। তাদের মধ্যে আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রণাইল গ্রামের মৃত ওয়াহেদ আলী মণ্ডলের ছেলে ওসমান গনিকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।