কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী সরদার আলী। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন পালিয়ে গেছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মুত্তাকীন মাদকাসক্ত হয়ে পড়লে তাকে বগুড়ার একটি পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব সেন্টার) রাখা হয়। সেখানে প্রায় দুই বছর থাকার পর পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে আসেন।
তবে বাড়িতে ফেরার পর আবারও মাদকাসক্ত হয়ে পড়ে সে। এ অবস্থায় গতকাল রাতে ওই পুনর্বাসন কেন্দ্রের লোকজন তাকে নিতে তাদের বাড়িতে আসেন। বিষয়টি টের পেয়ে মুত্তাকীন ঘরের ভেতর ছুরি দিয়ে তার মাকে আঘাত করতে থাকেন। এতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। এ সময় স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে এলে তার বাবাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত সরদার আলীকে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ওসি কামাল হোসেন জানান, ছুরিকাঘাতের পর অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
