আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের নেতা সাবেক কাউন্সিলর গোলাম কিবরিয়া টিপুর বাড়ি থেকে ১৫৪ রাউন্ড গুলিসহ ভাই গোলাম রসুল বাদশাকে আটক করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে দৌলতপুর থানার উত্তর দেয়ানা বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। রাতে তাকে গোয়েন্দা কার্যালয়ে নেয়া হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে। গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, গোলাম রসুল খালিশপুর বঙ্গবাসী বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিক্ষক। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে তার কাছে অবৈধ অস্ত্র ও গুলি রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে তারা রাতে বাড়িতে অভিযান চালায়। তারা আলমারি খুলতে বললে তিনি প্রথমে তা খুলতে রাজি হয়নি। পরে সেটা গোলাম রসুল বাদশা খোলেন ।
এ সময় পুলিশ ১৪১ রাউন্ড পয়েন্ট টু টু বোরের গুলি এবং ১৩ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশের ডেপুটি কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, লাইসেন্স বহির্ভূত ১৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১২ ইঞ্চি লম্বা একটি ধারালো ছুরিও তার বাড়ি থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় গোলাম রসুলের বিরুদ্ধে অস্ত্র আইনে দৌলতপুর থনায় মামলা দায়ের করা হয়েছে।
