মৌলভীবাজারের জুড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করা হয়েছে। বুধবার ভোর ৬টার দিকে জুড়ী উপজেলা পরিষদের সামনে উপজেলা ছাত্রলীগের ব্যানারে মিছিলটি করা হয়। এতে ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান জয়ের নেতৃৃত্বে মুখোশধারী ১২ থেকে ১৪ জনকে অংশ নিতে দেখা যায়।
এ সময় তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ডিসেম্বরে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে এবং কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে দেয়া রায়ের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। মিছিলের পর অভিযান চালিয়ে দুপুর ২টার দিকে জুড়ী থানা-পুলিশ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনিকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার কিশোর রায় আগের একটি মামলার পলাতক আসামি ছিলেন। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
