রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে থার্টি টুর্নামেন্টের প্রথম রাউন্ডে চীনের তিয়ানয়ি ফাং ও লিমু ঝৌ জুটিকে হারান বাংলাদেশের কাব্য গায়েন ও মো. তানভীর। প্রথম সেট টাইব্রেকারে হারের পর দ্বিতীয় সেট জিতে ম্যাচে ফেরেন তারা। সুপার টাইব্রেকারে ১০-৭ ব্যবধানে জয় নিশ্চিত করেন দু’জন। তবে দ্বৈতের কোয়ার্টার ফাইনালে ভারতের জানভী ও বাংলাদেশের ইয়ানা চৌধুরী জুটির কাছে হেরে গেছেন সুমাইয়া আক্তার ও হুমাইরা হায়দার। একক বিভাগের প্রথম রাউন্ডে সুমাইয়া কোরিয়ার হেইজু কোয়নের কাছে ৪-৬, ৩-৬ গেমে হেরে বিদায় নেন।
বালিকা এককের দ্বিতীয় রাউন্ডে চীনের জিমো সং ৭-৫, ৭-৬(৪) গেমে হারান ভারতের অ্যালিনা ফরিদকে। চীনের শুইয়াং জু ৭-৫, ৬-০ গেমে হারান থাইল্যান্ডের পারমীত তাদকায়েভকে। চীনের জিউজিউ গু ৬-৪, ৬-১ গেমে হারান ভারতের জানভি আসাভাকে। চীনের জিরু ইয়াং ৩-৬, ৭-৬(৭), ৬-২ গেমে হারান ভারতের ওয়ানিয়া এসকে। বালক এককে থাইল্যান্ডের ত্রি শ্রীসেন ৬-০, ৬-০ গেমে হংকংয়ের চুন ইউ কারুস চ্যানকে হারান।
