সব ম্যাচের সম্প্রচার স্বত্ব কিনে নিলো নেটফ্লিক্স

২০৩০ ফিফা বিশ্বকাপ

সব ম্যাচের সম্প্রচার স্বত্ব কিনে নিলো নেটফ্লিক্স

ফন্ট সাইজ:

লাইভ খেলা সম্প্রচারের বাজারে নিজেদের অবস্থান আরও পোক্ত করতে বড় পদক্ষেপ নিয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। আগামী ২০৩০ ফিফা বিশ্বকাপের ১০৪টি ম্যাচের সবকটির সম্প্রচার স্বত্ব নিজেদের দখলে নিয়েছে মার্কিন এই স্ট্রিমিং জায়ান্ট।


মঙ্গলবার  বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছে নেটফ্লিক্স কর্তৃপক্ষ। তবে এই স্বত্ব বিশ্বের সব দেশের জন্য প্রযোজ্য নয়। চুক্তি অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপের ম্যাচগুলো কেবল স্পেন এবং অ্যান্ডোরা অঞ্চলের দর্শকরা উপভোগ করতে পারবেন। নিয়ম অনুযায়ী, স্প্যানিশ ফুটবলপ্রেমীদের জন্য প্রতিদিন অন্তত একটি ম্যাচ উন্মুক্ত সরকারি টিভিতে দেখানোর ব্যবস্থা রাখতে হবে। এ ছাড়া স্বাগতিক স্পেনের সব ম্যাচ, দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ সরকারি টিভিতে বিনামূল্যে সম্প্রচার করবে নেটফ্লিক্স।

চুক্তির আর্থিক পরিমাণ প্রকাশ না করলেও এর আগে ২০২৬ বিশ্বকাপের জন্য স্প্যানিশ সম্প্রচারক সংস্থা আরটিভিইর প্রায় ৬১.৬ মিলিয়ন মার্কিন ডলার খরচের তথ্য সামনে এসেছিল। ফিফার সঙ্গে নেটফ্লিক্সের অংশীদারত্ব দিন দিন আরও জোরালো হচ্ছে। এর আগে ২০২৭ ও ২০৩১ সালের নারী বিশ্বকাপের (যুক্তরাষ্ট্র ও কানাডা অঞ্চল) সম্প্রচার স্বত্বও নিজেদের ঝুলিতে পুরেছিল প্রতিষ্ঠানটি।

১৯৩০ সালে শুরু হওয়া ফিফা বিশ্বকাপের শতবর্ষপূর্তি উপলক্ষে ২০৩০ সালের আসরটি হতে যাচ্ছে ঐতিহাসিক। এই বিশেষ বিশ্বকাপের মূল আয়োজক হিসেবে থাকছে স্পেন, পর্তুগাল ও মরক্কো। এ ছাড়া বিশ্বকাপের উদ্বোধনী তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আমেরিকার তিন দেশ আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে। চুক্তি নিয়ে নেটফ্লিক্সের চিফ কনটেন্ট অফিসার বেলা বাজারিয়া বলেন, ‘স্প্যানিশ ফুটবল ভক্তদের জন্য হোমগ্রাউন্ডে বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকে স্বাগত জানানো এবং তা নেটফ্লিক্সে সরাসরি উপভোগ করা দারুণ এক রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে।’

​