জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকার বাজি ধরে দর্শকদের সামনে জীবন্ত পাখি ছিঁড়ে খাওয়ার অভিযোগে ছাদুল্লাহ (৫০) নামে এক অটোচালককে আটক করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার কোয়ালিকান্দি মধ্যপাড়া নিজ বাড়ি থেকে আটক করে। এর আগে গত মঙ্গলবার বিকাল ৪টায় মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি বাজারে এ ঘটনা ঘটে। আটককৃত ছাদুল্লাহ কোয়ালিকান্দি মধ্যপাড়া মৃত হাবিজল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজির অংশ হিসেবে ছাদুল্লাহ জীবন্ত পাখিটি হাতে নিয়ে এর পা ও ডানা মুচড়ে ভেঙে ফেলেন। পরে তিনি পাখিটি ছিঁড়ে খেয়ে ফেলেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি দেখতে সেখানে লোকজন জড়ো হন। তাদের কেউ কেউ এ সময় উল্লাস করেন বলেও জানা গেছে। জীবন্ত একটি পাখির প্রতি এমন নিষ্ঠুর আচরণের ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে সমালোচনা সৃষ্টি হয়েছে।
তাদের মতে, নিছক বাজি কিংবা বিনোদনের নামে প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আটককৃত ছাদুল্লাহ নিজে স্বীকারোক্তি দিয়ে বলেন, ৫০০ টাকা বাজিতে বিবেকে নয়, আবেগে এ কাজ করেছি আমি। মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিষ রায় বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দৃষ্টিগোচর হলে ছাদুল্লাহকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তিনি আরও বলেন, এ বিষয়ে আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বনবিভাগের সঙ্গে আমাদের কথা হয়েছে। কর্তৃপক্ষ এলে বাকি কাজ সম্পন্ন করবো।
