ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় অনুপ কুমার (৫৫) ও আনোয়ারুল আজিম (৪০) নামে দু’জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামোড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত দু’জনের বাড়ি নরসিংদী জেলা সদরে বলে জানা গেছে। খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আব্দুল হালিম জানান, নরসিংদী থেকে দু’জন মোটরসাইকেলে সিলেট অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে বৈশামোড়া নামক এলাকায় সড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়।
এ সময় পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অনুপ কুমার নামে একজন নিহত হয়। আনোয়ারুল আজিম নামে অপরজন গুরুতর আহত হন। পরে আহতকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
তিনি আরও জানান, ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় আইনানুগ গ্রহণের প্রস্তুতি চলছে।
