যুক্তরাজ্যের একটি চিড়িয়াখানায় বাঘের হামলায় এক ব্যক্তির মৃত্যুর কয়েক দিন পর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি একটি ভিডিও পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ভিডিওতে দেখা যায়, একটি বাঘের সঙ্গে কুস্তি করছেন তিনি। পরে বাঘটিকে নিয়ে খেলতে ও হাসাহাসি করতেও দেখা যায় তাকে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। অনেকে তাঁর এই আচরণকে ‘অসুস্থ মানসিকতার পরিচয়’ এবং শোকাহত পরিবারের প্রতি ‘অসম্মানজনক’ বলে মন্তব্য করেছেন।
ট্রাম্পের এই ভিডিওটি তৈরি করা হয়েছে এআই প্রযুক্তি ব্যবহার করে। এতে যুক্তরাজ্যের ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার প্রতি ইঙ্গিত রয়েছে বলে মনে করা হচ্ছে। ওই পার্কে খাঁচায় ঢুকে পড়ার পর বাঘের হামলায় প্রাণ হারান সাবেক শিশুশিল্পী উইলিয়াম চ্যাপম্যান।
বাঘের আক্রমণের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। সংবেদনশীলতার কথা বিবেচনা করে ওই ভিডিও ছড়িয়ে না দিতে পরে মানুষের প্রতি আহ্বান জানায় পুলিশ।
ট্রাম্পের ট্রুথ সোশ্যালে প্রকাশিত ২৩ সেকেন্ডের এআই ভিডিওতে দেখা যায়, ঘাসের ওপর বসে একটি বিশাল বাঘের দিকে আঙুল তুলে ইশারা করছেন তিনি। মূল ঘটনার ভিডিওতেও চ্যাপম্যানকে একইভাবে বাঘের দিকে আঙুল তুলতে দেখা গিয়েছিল। এরপর বাঘটি ট্রাম্পের দিকে থাবা বাড়িয়ে দৌড়ে পালিয়ে যায়। ট্রাম্প তখন বাঘটিকে ধাওয়া করেন এবং কাবু করে ফেলেন।
একপর্যায়ে দৃশ্যটি কুস্তির বদলে খেলাধুলায় রূপ নেয়। ভিডিওর শেষাংশে ট্রাম্পকে বাঘটিকে জড়িয়ে ধরে হাসতে দেখা যায়। পেছনে বাজতে থাকে ‘দ্য লায়ন স্লিপস টুনাইট’ গানটি।
মূল ভিডিও প্রকাশের পরই এআই ভিডিও
বাঘের হামলার ওই ঘটনার মূল ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টা পর ট্রাম্প এআই ভিডিওটি পোস্ট করেন। এর আগে তিনি নিজেই বাঘের আক্রমণের মূল দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন। সেটি নিয়েও সমালোচনার মুখে পড়েন তিনি।
যুক্তরাজ্যের ওই ব্যক্তির ওপর গত শনিবার বাঘের হামলার ৪১ সেকেন্ডের ভিডিও পরে হোয়াইট হাউসের ‘র্যাপিড রেসপন্স ৪৭’ নামের এক্স অ্যাকাউন্ট থেকেও প্রকাশ করা হয়। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘প্রকৃতির সঙ্গে কখনোই লাগতে যেয়ো না!’
এরপর বাঘের সঙ্গে ট্রাম্পের কৃত্রিমভাবে তৈরি ভিডিওটি সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা আরও তীব্র হয়। এক্সসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিওটি পুনরায় শেয়ার করে অনেকে প্রেসিডেন্টের এমন পোস্টের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন।
বৃটিশ একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘একজন বৃটিশ হিসেবে শোকাহত একটি পরিবারের প্রতি এমন আচরণকে আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক ও চরম অসম্মানজনক মনে হচ্ছে।’
ডেমোক্র্যাটপন্থি হিসেবে পরিচিত সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব হ্যারি সিসন লিখেন, ‘ট্রাম্প মাঝরাতে বাঘের সঙ্গে নিজের এই এআই ভিডিও পোস্ট করেছেন। এই মানুষটি মানসিকভাবে অসুস্থ।’
