ভারতের দিল্লি বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। বুধবার রাজধানীতে ফেরার পর বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি তাকে লক্ষ্য করে চিৎকার করেন।
তিনি বলেন, ‘আপনি দেশটা ধ্বংস করছেন কেন?’ এ সময় অভিজিৎকে হাসিমুখে ওই ব্যক্তির দিকে তাকিয়ে থাম্বস-আপ বা বৃদ্ধাঙ্গুলি দেখান। ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। খবর এনডিটিভির।
গত ১০ অক্টোবর দাদির মৃত্যুর পর মহারাষ্ট্রে নিজের শহরে যান অভিজিৎ। এরপর বুধবার দুপুরে দিল্লিতে ফেরেন তিনি। এর আগে গত ১০ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সিজেপির বিক্ষোভে নেতৃত্ব দিতে দিল্লিতে পৌঁছালে বিমান থেকে নামার পরই তাকে আটক করেছিল পুলিশ। পরে তিনি হেফাজতে ছিলেন।
এদিন দিল্লিতে ফিরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন অভিজিৎ। তার দলের দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর ঘটনায় প্রশ্ন তোলেন তিনি।
অভিজিৎ বলেন, ‘জাতীয় পতাকা উত্তোলন করা কি এ দেশে অপরাধ? আশুতোষ ও সৌরভকে পাঁচ দিনের জন্য জেলে পাঠানো হয়েছে। কেন? কারণ, তারা যন্তর মন্তরে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন।’
তিনি আরও বলেন, ‘এমন ঘটনা সর্বশেষ ঘটেছিল বৃটিশ শাসনামলে। তখন প্রকাশ্য স্থানে ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করার কারণে স্বাধীনতাসংগ্রামীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হতো।’
