সীতাকুণ্ডে বিদ্যালয়ের বরাদ্দে ব্যক্তিগত রাস্তা করার অভিযোগ, মানববন্ধন

ফন্ট সাইজ:

চট্টগ্রামের সীতাকুণ্ডে পন্থিছিলা উচ্চ বিদ্যালয়ের নামে বরাদ্দ ও টেন্ডার করা সংযোগ সড়কটি ব্যক্তিগত বাড়ির রাস্তা হিসেবে নির্মাণের উদ্যোগ নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। গতকাল সকাল ১১টার দিকে বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দিদারুল আলম, অভিভাবক প্রতিনিধি মো. আলাউদ্দিন খান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল কুদ্দুছ নুরীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, পন্থিছিলা সড়ক থেকে বিদ্যালয়ের অফিস পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণের জন্য বিদ্যালয়ের নামে টেন্ডার করা হয়েছে।

কিন্তু সড়কটি এলাকার এক ব্যক্তির ব্যক্তিগত বাড়ির রাস্তা হিসেবে নির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। মানববন্ধনে বক্তারা বিদ্যালয়ের জন্য বরাদ্দ করা সড়কটি শিক্ষাপ্রতিষ্ঠানের যাতায়াতের উপযোগী রাখা এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান। এ ঘটনায় তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল কুদ্দুছ নুরী ও ম্যানেজিং কমিটির সভাপতি দিদারুল আলম।

অভিযোগের বিষয়ে মোস্তফা সিএনজি ফিলিং স্টেশনের মালিক ও ভূঁইয়া বাড়ির মালিক মোস্তফা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা কর্তৃপক্ষ রাস্তা নির্মাণের বিষয়টি জানে। এখানে আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম ও পৌর নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।